প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১২:৫২
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামীকাল রবিবার শহবাগে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত দুই দিন শাহবাগ অবরোধকারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গতকাল শুক্রবার বিকেলে ছাত্রদল সভাপতি কালের কণ্ঠকে বলেন, ‘ওখানে যারা আছেন, তাদের সরিয়ে দেওয়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব। এই সরকারে যারা আছে তাদের দায়িত্ব।
গতকাল (বৃহস্পতিবার) আমরা সেখানে গিয়েছিলাম। ওখানে খুবই সামান্য সংখ্যক উপস্থিতি দেখেছি। সেখানে যেন কোনো অপ্রীতিকর কিছু না হয়, সে ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের মঞ্চ তৈরির কাজ শুরু করব।
সন্ধ্যার মধ্যে যেন তাদের সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে কোনো ষড়যন্ত্র থাকলে সেটা সরকার দেখবে।’ তবে এদিন সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে অবস্থানকারীদের সরিয়ে দেয় পুলিশ।
এদিকে আগামীকাল ৩ আগস্ট সমাবেশ নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে ৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৬ দফা নির্দেশনা দেন। সেগুলো হলো— সমাবেশে কোনো ধরণের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না; সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সহযোগিতা করতে হবে; সমাবেশের দিনে ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
প্রসঙ্গত, ছাত্রদলের পূর্ব ঘোষিত এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটি সমাবেশের অনুমতিও পেয়েছিল। কিন্তু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধের ভিত্তিতে ছাত্রদল শাহবাগে সমাবেশের স্থানান্তর করে নিয়ে আসে।
মন্তব্য করুন: