প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৪:৩০
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার এক কাতল মাছ ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে। ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতলটি আজ বৃহস্পতিবার ২৬ জুন ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় জেলে রবিন হালদারের জালে ধরা পড়ে।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কাতল মাছটি বিক্রির জন্য উপজেলার দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন জেলে রবিন। সেখানে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নদীতে জিইয়ে রাখেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
পরে দুপুর ১২টার দিকে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৯ হাজার ৯৬০ টাকায় কাতলটি বিক্রি করেন চাঁন্দু।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, উন্মুক্ত নিলাম ডাকে জেলে রবিন হালদারের কাছ থেকে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই কাতলটি কিনেছিলাম। যার দাম ৩৮ হাজার ৮৮০ টাকা। পরে ৩৯ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করছি।
মন্তব্য করুন: